আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের সঙ্গে যুদ্ধটা যে খুব একটা সহজ হবে না, তা হয়তো ভাবেনি যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর প্রায় পাঁচ মাস পর এসে খোদ মার্কিন নাগরিকরাই এমন কথা বলছে।
সম্প্রতি সিবিএস নিউজ ও ইউগোভের এক যৌথ সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ অর্থাৎ প্রায় আট-দশমাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরান সংঘাত সামলাতে ট্রাম্প প্রশাসন যতটা সহজ ভেবেছিল, বাস্তবে বিষয়টি তারচেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।
দ্য হিল রোববার (২৬ জুলাই) এ কথা জানিয়েছে।গত ফেব্রুয়ারির শেষে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধ শুরু করে, তখন ট্রাম্পের হিসাব ছিল অন্যরকম।
সে ভবিষ্যদ্বাণী করেছিল, মাত্র চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই ইরানের পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করার লক্ষ্য অর্জিত হবে। কিন্তু জুলাইয়ের শেষে এসেও দুই দেশ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এতে গত জুনের শেষে দু'পক্ষের সই করা যুদ্ধবিরতির সেই সমঝোতা স্মারক একদম নস্যাৎ হয়ে গেছে।
যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য জাহাজের নিরাপত্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড টানা ১৩ রাত হামলা চালানোর কথা জানিয়েছে। কিন্তু তাতে মার্কিনিরা কোনও সুফল পায়নি।
তেলের দাম বাড়ায় খোদ আমেরিকানদের বাড়তি খরচের মোকাবেলা করতে হচ্ছে। মার্কিন এএএ-র হিসেবে, যুদ্ধের আগে প্রতি গ্যালন তেলে দাম তিন ডলারের নিচে থাকলেও এখন তা দাঁড়িয়েছে ৪.১১ ডলারে।
ভবিষ্যৎ নিয়ে মার্কিনদের মন ভালো নেই। সমীক্ষায় ৩৭ শতাংশের ধারণা, এই সংঘাত আরও কয়েক মাস চলবে। আর ২১ শতাংশ মনে করেন, এই যুদ্ধ চলবে বহু বছর। অন্যদিকে দুই-তৃতীয়াংশ মানুষ চাইছেন ট্রাম্প এখনই যুদ্ধ বন্ধ কর। মাত্র এক-তৃতীয়াংশ মনে করছেন, ইরান হার না মানা পর্যন্ত এই লড়াই চালানো উচিত। দুই হাজার ১৯৩ জনের ওপর চালানো এই জরিপে ভুলের মাত্রা (মার্জিন অব এরর) ধরা হয়েছে ২.৭ শতাংশ।
Your Comment